সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দলের হয়ে নামতে পারেননি লিটন দাস। সিরিজের আগে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নিলেও শেষ পর্যন্ত চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে বর্তমানে সহ-অধিনায়ক তাওহীদ হৃদয় দলের নেতৃত্বের দায়িত্ব পালন করছেন।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জানান, লিটন গত পরশু ডান হিপ জয়েন্টে অস্বস্তির কথা জানিয়েছিলেন। এরপর এমআরআই রিপোর্টে সমস্যা ধরা পড়ায় তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি। আজ সকালে ফিটনেস টেস্ট দিলেও নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে না পারায় সিরিজের বাকি ম্যাচগুলোতেও তার খেলার সম্ভাবনা নেই।
লিটনের চোটের পাশাপাশি বাংলাদেশ দলের জন্য আরেকটি বড় ধাক্কা হলো মেহেদী হাসান মিরাজের অসুস্থতা। টানা তিন দিন ধরে জ্বরে ভুগছেন এই অলরাউন্ডার। শারীরিক অসুস্থতার কারণে গত দুই দিন অনুশীলনেও যোগ দিতে পারেননি মিরাজ, যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচে তার খেলা সম্ভব হয়নি।
সিরিজের পরের ম্যাচগুলোতে মিরাজ মাঠে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নিশ্চয়তা পাওয়া যায়নি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে টসের সময় তাওহীদ হৃদয় লিটনের অনুপস্থিতির বিষয়টি প্রথম নিশ্চিত করেছিলেন, যার ফলে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব শুরুর প্রত্যাশা থাকলেও তা আর সম্ভব হলো না লিটনের জন্য।
আকাশ নিউজ ডেস্ক 





















