ইন্দোনেশিয়ার বালিতে অবকাশযাপন ও কাজের ফাঁকে বড় ধরনের দুর্ঘটনার শিকার হন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এই দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতে ফিরিয়ে আনা হয় এবং মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে টেলিভিশন দেখছেন তিনি। সেসময় পর্দায় শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার ‘গেরুয়া’ গানটি চলছিল। কঠিন এই সময়েও প্রিয় তারকাদের গান উপভোগ করার পাশাপাশি চিকিৎসকদের সহায়তায় খাবার খাচ্ছিলেন তিনি। অসুস্থতার মাঝেও তার মুখে মৃদু হাসি দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে নুসরাত লেখেন, আর এভাবেই শাহরুখ খান ও কাজল আমার মুখে হাসি ফুটিয়ে দেন। মনে করিয়ে দেন, পরিস্থিতি ভালো হয়, ধীরে ধীরে হলেও হয়। সুস্থ হয়ে উঠছি ধীরে ধীরে, স্বপ্ন দেখছি অফুরন্ত। এর আগে হাসপাতালের জানালা দিয়ে সূর্যাস্তের একটি ছবি শেয়ার করে তিনি উল্লেখ করেছিলেন যে জীবন তাকে নতুন এক দৃশ্যপট দেখিয়েছে এবং সিনেমার গল্প এখনো বাকি রয়েছে।
এর আগে গত ২ অক্টোবর অভিনেত্রীর জনসংযোগ কর্মকর্তা সঞ্চিতা ত্রিবেদী এক বিবৃতিতে জানান, বালিতে ঘটে যাওয়া দুর্ঘটনার পর নুসরাতের সুচিকিৎসা নিশ্চিত করাই ছিল তাদের প্রধান অগ্রাধিকার। পরবর্তীতে দ্রুত তাকে বালি থেকে মুম্বাইয়ে স্থানান্তর করা হয়। ২০০৬ সালে বড় পর্দায় যাত্রা শুরু করা নুসরাত ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’, ‘ছালাং’, ‘ছোড়ি’ ও ‘আজীব দাস্তানস’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। গত ৫ সেপ্টেম্বর তার সর্বশেষ কমেডি থ্রিলার সিনেমা ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ মুক্তি পায় এবং পরবর্তীতে তাকে টাইগার শ্রফের বিপরীতেও দেখা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 















