ইসরাইলের পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে বাংলাদেশসহ ৩১টি দেশের পাইলট ও কেবিন ক্রুদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে এয়ার ফ্রান্স। যে সব দেশের সাথে তেল আবিবের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, সেই দেশগুলোর নাগরিক কিংবা দ্বৈত নাগরিকত্ব থাকা কর্মীরা এখন থেকে ইসরাইলি আকাশসীমায় প্রবেশ বা অবতরণের অনুমতি পাবেন না। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের বরাতে এ তথ্য জানা গেছে। এয়ার ফ্রান্সের অভ্যন্তরীণ নোটে বলা হয়েছে, নির্ধারিত গন্তব্যের প্রবেশাধিকার সংক্রান্ত নিয়ম মেনে চলার বাধ্যবাধকতার অংশ হিসেবেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ৩১টি দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, সৌদি আরব, ব্রুনাই, কলম্বিয়া, কোমোরোস, উত্তর কোরিয়া, কিউবা, জিবুতি, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মৌরিতানিয়া, নিকারাগুয়া, নাইজার, ওমান, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেন। যেসব মুসলিম বা আরব দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে, যেমন সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো, তাদের কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য নয়।
এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ তাদের কর্মীদের দ্বিতীয় জাতীয়তা প্রকাশের নির্দেশ দিয়েছে এবং সতর্ক করেছে যে, নির্দেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের নিয়ন্ত্রণ নিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করার একটি কথিত চেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষাপটে ১ অক্টোবর ইসরাইলি পরিবহন মন্ত্রণালয় আকাশসীমায় কড়াকড়ি আরোপের নির্দেশ দেয়। এই ইস্যুটির ফলে ইসরাইলের একটি বিমান সংস্থা তাদের আড়াই হাজার পাইলট ও ক্রুর অতীত বৃত্তান্ত যাচাই-বাছাই শুরু করেছে। এদিকে ফ্রান্সে জাতীয়তাভিত্তিক বৈষম্যের অভিযোগ তুলে এয়ার ফ্রান্সের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করছেন দেশটির রাজনীতিবিদ ও অধিকারকর্মীরা। তাদের দাবি, এটি ফরাসি শ্রম আইন ও বৈষম্যবিরোধী নীতিমালার পরিপন্থী, যা প্রতিষ্ঠানটিকে বড় আইনি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ইসরাইলের চ্যানেল ১৩ জানিয়েছে, দেশটির অন্তত একটি বিমান সংস্থা নিজেদের প্রায় আড়াই হাজার পাইলট ও কেবিন ক্রুর অতীত বৃত্তান্ত যাচাই করছে। মিডিয়াপার্ট এয়ার ফ্রান্সের একটি অভ্যন্তরীণ নোটের বরাতে জানায়, কর্তৃপক্ষ তাদের সংশ্লিষ্ট কর্মীদের জানিয়ে দিয়েছে তারা আর ইসরাইলের ফ্লাইটে দায়িত্ব পালন করতে পারবেন না। ওই ঘটনার পর থেকেই পুরো বিমান চলাচল খাতে কড়াকড়ি শুরু করে দেশটি।
আকাশ নিউজ ডেস্ক 




















