দুই বছরেরও বেশি সময় ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন নন্দিত সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন গীতিকার কবির বকুল। তার দেওয়া তথ্য অনুযায়ী, ইবরার টিপু এখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়াই করছেন।
কবির বকুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে জানিয়েছেন, সম্প্রতি ইবরার টিপুর ব্রেইন সার্জারি বা মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। ইবরার টিপুর স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা জানিয়েছেন, হাসপাতালে যথাযথ চিকিৎসা না পাওয়ার আশঙ্কায় অনেকটা জোর করেই তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছেন স্বজনরা।
কবির বকুলের সহধর্মিণী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কবির বকুলের। ভিডিও কলে প্রিয় সহকর্মীকে দেখে আবেগাপ্লুত হয়ে তিনি লেখেন, মানুষটি কঠিন লড়াইয়ের মুখে থাকলেও তার চোখেমুখে সেই চিরচেনা মায়া অটুট রয়েছে। যদিও অনেক দূরে থাকায় সরাসরি কোনো সহায়তা করতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন এই গীতিকার।
প্রসঙ্গত, চলতি বছরের রোজার ঈদে নিউইয়র্কে ইবরার টিপুর নিজ বাসায় তার সঙ্গে সর্বশেষ সরাসরি দেখা হয়েছিল। বাংলা গানের ভুবনে অসামান্য সব সৃষ্টির কারিগর এই সংগীত পরিচালককে নিয়ে কবির বকুল স্মৃতিচারণ করে বলেন, দীর্ঘ সংগীত জীবনে তার সঙ্গে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। তিনি বরাবরই মৃদুভাষী ও সদাহাস্য একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত।
ইবরার টিপুর সুর ও সংগীতায়োজনে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’-এর মতো কালজয়ী সব গান তৈরি হয়েছে। তার এমন অসুস্থতায় সংগীতাঙ্গনের বহু মানুষ সমব্যথী হয়েছেন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
পোস্টের শেষে ইবরার টিপুর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়ে কবির বকুল লিখেছেন, “সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ ভরসা।”
আকাশ নিউজ ডেস্ক 















