মা হওয়ার পর একজন নারীর জীবনে শারীরিক ও মানসিকভাবে অনেক বড় পরিবর্তন আসে। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। মাতৃত্বের স্বাদ নেওয়ার পর নিজের শারীরিক গড়ন নিয়ে কিছুদিন আগে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। যদিও অভিনেত্রী বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন, তবে তার ভক্ত ও সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় ট্রলকারীদের বিরুদ্ধে জোরালো অবস্থান নেন। এবার আড়াল ভেঙে নিজেই এই সমালোচনার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্যাটরিনা। সম্প্রতি যুক্তরাজ্যে নিজের কসমেটিকস ব্র্যান্ডের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি তার অভিজ্ঞতার কথা জানান।
সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা মন্তব্য ও সমালোচনা সম্পর্কে ক্যাটরিনা বলেন, জনমানুষের মতামত যেন কারো আত্মমর্যাদা বা নিজস্ব মূল্যবোধকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। তিনি মনে করেন, সব মন্তব্যকে গুরুত্ব দিলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাধাগ্রস্ত হয়। প্রতিটি সমালোচনামূলক মন্তব্যকে ‘আদেশ’ হিসেবে দেখার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যেরা কী বলছে তার প্রতিক্রিয়ায় ডুবে থাকলে মানুষ মানসিকভাবে স্থবির হয়ে পড়ে। এমন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনপথে এগিয়ে যাওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং।
নিজের মানসিক অবস্থা ও আত্মবিশ্বাস প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আত্মবিশ্বাস ও নিজের প্রতি দৃষ্টিভঙ্গি সবসময় একই রকম থাকে না। জীবনের বিভিন্ন পর্যায়ে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা জরুরি। তিনি আরও বলেন, নিজের ওপর বাড়তি চাপ না তৈরি করে জীবনের উত্থান-পতনকে সহজভাবে মেনে নেওয়াই প্রকৃত আত্ম-উন্নয়নের পথ। নিজের অনুভূতি এবং পরিস্থিতির পরিবর্তনের সাথে স্বাচ্ছন্দ্যবোধ করাই এখন তার কাছে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য যে, গত বছরের সেপ্টেম্বরে মা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ এবং নভেম্বরে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। এরপর থেকেই তিনি রুপালি পর্দা থেকে দূরে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। দুই দশকের বেশি ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমা উপহার দিলেও, গত আট বছরে তিনি মাত্র পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত শেষ সিনেমাটি মুক্তি পায় ২০২৪ সালে। তবে বর্তমানে বড় পর্দায় ফেরার বিষয়ে কোনো স্পষ্ট বার্তা এখনো দেননি এই অভিনেত্রী।
আকাশ নিউজ ডেস্ক 














