আকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে সংরক্ষণ করা জরুরি।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর গোলচত্বরে ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহতদের স্মরণে নির্মিত শহীদ রিয়াজ চত্বর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মরণে যথাযথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি নতুন প্রজন্মকে এই আত্মত্যাগের ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।
তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের মতো চব্বিশের জুলাইয়ের শহীদদের স্মৃতিও যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করতে হবে। তাঁদের আত্মত্যাগ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
আমানউল্লাহ আমান আরও বলেন, শহীদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে তাঁদের আদর্শ, আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। তিনি শহীদদের স্মৃতি সংরক্ষণ, তাঁদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন এবং আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, শহীদ রিয়াজের বাবা, চাচা ও পরিবারের সদস্যসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















