আকাশ বিনোদন ডেস্ক :
টালিউড অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সামাজিক মাধ্যমের পাতায় নেটিজেনদের ট্রলিং যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনা। বিশেষ করে প্রথমসারির তারকাদের পোশাক কিংবা লাইফস্টাইল নিয়ে কাঁটাছেড়া করতে যেন ওস্তাদ নেটিজেনরা। এবার সে তালিকায় নতুন সংযোজন টালিউডের কিংবদন্তি ঋতুপর্ণা সেনগুপ্ত।
অভিনেত্রীর নিজের সদ্য় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নেভার মাইন্ড’-এর প্রিমিয়ারে হাজির হলে নিজের পোশাক নিয়ে তীব্র ট্রলিংয়ের মুখে পড়েন তিনি। অভিনেত্রী ঠিক এ গরম আবহাওয়ার মাঝেই ঘি ঢাললেন টালিপাড়ার ‘ঠোঁটকাটা’ স্পষ্টভাষী হিসেবে পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নাম না করে ঋতুপর্ণাকে একহাত নিলেন তিনি।
ঋতুপর্ণার সঙ্গে শ্রীলেখার সম্পর্ক যে আদায়-কাঁচকলায় তা কারুর অজানা নয়। শ্রীলেখার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। আর সেই প্রভাব পড়ে ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ারে ট্রলডের শিকার হন ঋতুপর্ণা সেনগুপ্ত।
জানা গেছে, নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’-এর জমকালো প্রিমিয়ার অনুষ্ঠানে একটি ওয়েস্টার্ন লং গাউন পরে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে রেড কার্পেটে পা রাখা মাত্রই বিপত্তি। পাপারাজ্জি ও ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে নিজের পোশাক নিয়ে চরম অস্বস্তিতে পড়তে দেখা যায় অভিনেত্রীকে। সেই ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ট্রলের বন্যা বয়ে যায়। নেটিজেনদের একাংশ মন্তব্য— যে পোশাক পরে স্বাচ্ছন্দ্যবোধ করা যায় না, তা জোর করে পরার মানে কি?
আবার কেউ কেউ ওর ফ্যাশন সেন্স নিয়ে তীব্র কটাক্ষ করতে শুরু করেছেন। আবার কেউ বয়স নিয়ে ঋতুপর্ণাকে খোঁচা দেন। কারও মতে, ‘নিঃশ্বাস আটকে ভুঁড়ি লুকানোর চেষ্টা’ করছেন অভিনেত্রী।
ঋতুপর্ণার এই পোশাক বিভ্রাট ও ট্রলিংয়ের খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই শ্রীলেখা মিত্র একটি তীক্ষ্ণ পোস্টে লিখেছেন— পোশাক আপনার পরা উচিত, এমনটি হওয়া উচিত নয় যে পোশাকই আপনাকে দমিয়ে দিচ্ছে বা আপনার ওপর চেপে বসছে। মনে কোনো সন্দেহ থাকলে অবিলম্বে একটা বড় আয়না দেখে নেওয়া উচিত। অবশ্য বলে রাখি— আমি এখানে কাউকে বডি শেমিং বা এজ শেমিং করছি না।
শ্রীলেখা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কারও বয়স বা শারীরিক গঠন নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন না, কিন্তু এমন পোশাক পরা উচিত যা ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে, অস্বস্তিতে ফেলে দেয় না।
‘ফুল সাইজ আয়না’ দেখার পরামর্শ দিয়ে তিনি যে পরোক্ষভাবে ঋতুপর্ণার ফ্যাশন চয়েসকেই তুলাধোনা করলেন, তা নিয়ে কোনো দ্বিমত নেই স্টুডিও টালিপাড়ায়। পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন— টালিপাড়ার পুরোনো শত্রুতা বনাম পেশাদারত্ব। ঋতুপর্ণা সেনগুপ্ত ও শ্রীলেখা মিত্রের এই মন কষাকষি আজ নতুন নয়। এর আগেও টালিউডের স্বজনপোষণ বিতর্ক, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির একাধিপত্য নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলেখা। বিমানকাণ্ড থেকে শুরু করে ইডির তলব— ঋতুপর্ণার জীবনের যে কোনো বিতর্কিত অধ্যায়েই নাম না করে তোপ দেগেছেন শ্রীলেখা। এবারও ঋতুপর্ণার পোশাকের অস্বস্তিকে হাতিয়ার করে শ্রীলেখা যেভাবে ‘উচিত শিক্ষা’ দেওয়ার চেষ্টা করলেন, তাতে টালিপাড়ার এই দুই সমসাময়িক অভিনেত্রীর পুরোনো তিক্ততা আরও একবার প্রকাশ্য দিবালোকে চলে এলো।
আকাশ নিউজ ডেস্ক 























