আকাশ বিনোদন ডেস্ক :
সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ফারিন খান অভিনীত একক নাটক ‘তোমার আমার প্রেম’। গল্প নির্ভর এ নাটকটি মুক্তির দু’দিনেই অর্ধকোটির বেশি ভিউ ছাড়িয়েছে। অধিকাংশ দর্শকই এর মন্তব্য ঘরে প্রশংসা করেছেন।
পারিবারিক গল্পনির্ভর নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। এর কাহিনি গড়ে উঠেছে ‘খন্দকার বাড়ি’ নামে পরিচিত একটি সম্ভ্রান্ত পরিবারকে কেন্দ্র করে। বাড়িটির একমাত্র প্রাণ হিসেবে এখনও পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন বৃদ্ধ নারী নূরজাহান বেগম। তাঁর নিঃসঙ্গ জীবনকে ঘিরেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটির কাহিনি লিখেছেন অর্ক মোস্তফা। ফারিন খানের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং সুদীপ্ত প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে ফারিন খান বলেন, বর্তমানে প্রেমের গল্প, থ্রিলার, জীবন-সংগ্রামসহ নানা ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হচ্ছে। এরপরও দর্শকের কাছে পারিবারিক সম্পর্ক ও টানাপোড়েনের গল্পের আবেদন এতটুকুও কমেনি। সেই উপলব্ধি থেকেই নির্মাতারা এখন ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও পারিবারিক গল্পকে প্রাধান্য দিচ্ছেন। তোমার আমার প্রেম’ তেমনই একটি পারিবারিক গল্পের নাটক, যা দর্শকের মনে ছাপ ফেলবে।
আকাশ নিউজ ডেস্ক 
























