আকাশ স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। গত শনিবার বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলরশিপের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ১৯২ জন কাউন্সিলর পদের বিপরীতে ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে। বাকি ৮টি সংস্থা ও জেলা থেকে কোনো নাম আসেনি।
যেসব জেলা ও সংস্থা থেকে এবার কাউন্সিলরশিপের নাম জমা পড়েনি, তার মধ্যে রয়েছে-কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা। এ ছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি থেকেও কোনো প্রতিনিধি বা কাউন্সিলরের নাম পাঠানো হয়নি।
বিসিবির প্রকাশিত কাউন্সিল তালিকায় সবচেয়ে বড় চমক হলো জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি সাবেক অধিনায়কদের কোটায় সরাসরি কাউন্সিলর হয়েছেন। এ ছাড়া কাউন্সিল হয়েছেন খালেদ মাহমুদ সুজন ও সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া ক্যাটাগরি-৩ অর্থ্যাৎ (শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সরকারি/বেসরকারি সংস্থা এবং সাবেক ক্রিকেটার বা অধিনায়কদের নিয়ে গঠিত) ক্যাটাগরি থেকে বিসিবির ১ জন পরিচালক নির্বাচিত হন।
আগামীকাল (সোমবার) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ। আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে। একইদিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে। আগামী ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) মূল্যে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়ন জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে প্রাথমিক তালিকা। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নের ওপর আপিল গ্রহণ করা হবে এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে শুনানি সম্পন্ন করা হবে।
সবশেষে পোস্টাল ও ই-ভোটের জন্য আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। এসব ভোট গ্রহণ চলবে ১ থেকে ৬ জুন পর্যন্ত। তবে ৭ জুন দুপুর ১টার পর আর কোনো পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না। এরপরই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
আকাশ নিউজ ডেস্ক 



















