আকাশ বিনোদন ডেস্ক :
আলিয়া ভাট এবার কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর রেড কার্পেটে হাজির হয়ে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের শিকারও হয়েছেন। এক প্রসাধনী প্রতিষ্ঠানের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কানের মঞ্চে অংশ নেওয়া এই অভিনেত্রীর বিভিন্ন লুক ও পোশাক নিয়ে নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা শুরু করে।
এমন পরিস্থিতিতে আলিয়ার পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। ট্রোল সংস্কৃতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন। যদিও সেখানে সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে পোস্টটি আলিয়াকে ট্রোল করা ব্যক্তিদের উদ্দেশ্যেই বলে মনে করা হচ্ছে।
সোনু সুদ লেখেন, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। ক্যামেরা, শিরোনাম কিংবা অপরিচিত মানুষের স্বীকৃতির বাইরেও সাফল্য অর্জন সম্ভব। তিনি বলেন, এমন মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করাই বড় অর্জন। তাই ট্রোলিং বা অযথা সমালোচনার বদলে মানুষকে উৎসাহ দেওয়া উচিত।
ট্রোলিং সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে অভিনেতা আরও বলেন, যারা নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত থাকে, তারা অন্যকে টেনে নামানোর মানসিকতা পোষণ করে না। তাঁর ভাষায়, ‘যাঁরা নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত থাকেন, অন্যের পা টেনে ধরার মতো সময় তাঁদের থাকে না।’
সোনু সুদের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন। নেটিজেনদের একাংশের মতে, তারকাদের পোশাক বা উপস্থিতি নিয়ে মতামত থাকতেই পারে, তবে তা যেন ব্যক্তিগত আক্রমণ বা ট্রোলিংয়ে রূপ না নেয়।
আকাশ নিউজ ডেস্ক 
























