আকাশ বিনোদন ডেস্ক :
এবারের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে আফরান নিশো ও পূজা চেরীর সিনেমা ‘দম’। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা নিশো ও চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন পূজা।
সিনেমাটির টিজারে একেবারেই ভিন্ন লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিটির প্রচার–প্রচারণার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় এসেছেন পূজা চেরী।
তবে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তৃতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচ দেখতে যান দম ছবির নায়ক-নায়িকা আফরান নিশো ও পূজা চেরী। মিরপুরের গ্যালারিতে ক্রিকেট সমর্থকদের সঙ্গে খেলা উপভোগ করেন ঢালিউটের এই দুই তারকা।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন পূজা। প্রেম নিয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড। এই প্রথম আমি কথাটা বললাম।’
পূজা চেরী বলেন, ‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না ডিভোর্স শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হোক। সংসার আর অভিনয় একসঙ্গে চালানো সম্ভব না হলে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।’
পূজা চেরী আরও বলেন, ‘আমি যার সঙ্গে এনগেজড, সে খুবই সাপোর্টিভ। মিডিয়ায় কাজ করা বা না–করা সম্পূর্ণ আমার ওপর ছেড়ে দিয়েছে। তার ভাষ্য, ইচ্ছে হলে মিডিয়ায় কাজ কর, ছেড়ে দিতে চাইলে ছেড়ে দাও। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।’
আকাশ নিউজ ডেস্ক 


















