আকাশ বিনোদন ডেস্ক :
‘সেক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’খ্যাত বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তার অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। বুধবার (৪ মার্চ) হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি নিজেই এই খবর জানান।
ওই পোস্টে তার অস্ত্রোপচার ভালো হয়েছে এবং এখন অনেকটাই সুস্থ বলে জানান তিনি।
রাজশ্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তার পরে আমি মা–বাবাকে বলার সাহস পেয়েছি, ইনফিলট্রেটিং ডাক্টাল কার্সিনোমা নামক গ্রেড-১ স্তন ক্যানসার ধরা পড়েছে। এখন আপনাদেরও বলার সময় এসেছে। রুটিন চেকআপের সময়ে এই রোগ প্রাথমিকভাবে ধরা পড়েছিল, যা নিরাময় হয়ে যাবে বলেও আশা করা যায়। আমি ভাগ্যবান যে খুব তাড়াতাড়ি ধরা পড়েছে এবং এর সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছি।’
অস্ত্রোপচার শেষে এখন সুস্থতার পথে আছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এত পরীক্ষা আর অস্ত্রোপচার—সব মিলিয়ে যেন এক রোলারকোস্টার যাত্রা। কিন্তু সবার ভালোবাসা এবং সমর্থন আমাকে শক্তি জুগিয়েছে। অস্ত্রোপচারের পর মা-বাবার মুখ দেখে ভয় অনেকটাই কমেছে। এখন আমি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারব।’
অভিনেত্রী আরও জানান, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় ওষুধ। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং আগামী দিনগুলোর জন্য তিনি ভীষণ উত্তেজিত। অনেক তারকা ও ভক্ত সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাও জানিয়েছেন।
২০১২ সালে ‘তালাশ’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন রাজশ্রী। তার বড়পর্দায় অভিষেক হয় সালমান খানের ‘কিক’ সিনেমার মধ্য দিয়ে। ‘সেক্রেড গেমস’ ওয়েব সিরিজ দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।
পরবর্তীতে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘মম’, ‘মন্টো’ এবং ‘জোরাম’-এর মতো চলচ্চিত্রে এবং ‘দ্য ফেম গেম’, ‘ট্রায়াল বাই ফায়ার’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ এবং ‘রঙ্গিন’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















