আকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, নতুন গতি এসেছে প্রবাসী আয়ে- আর এসব ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ১৮টি ফ্লাইওভার, ৪১৩ কিলোমিটার চার লেনের সড়ক নির্মাণ হয়েছে। বিশ্বাস না হলে বিএনপি নেতাদের সরেজমিনে গিয়ে দেখে আসার আহবান জানান ওবায়দুল কাদের।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সঙ্গে সেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় একথা বলেন।
আলোচনা সভায় বিআরটিএ সদর দপ্তর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলা সমূহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।
বিএনপি নেতারা বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার মিথ্যাচার করছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের কোনো সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি তাদের গায়ে জ্বালা ধরায়, এজন্যই সবকিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার বিএনপির মজ্জাগত। ‘
গত অর্থবছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাবে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল। তা সত্বেও গত এক দশক ধরে দেশে জিডিপি’র উচ্চ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সেই ধারাবাহিকতায় করোনার প্রভাব সত্বেও প্রবৃদ্ধি ৫ শতাংশের উপরে অর্জিত হয়েছে।
এডিবি ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার ৪র্থ শীর্ষ দেশ হবে বাংলাদেশ। ‘
ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা গ্রাস করেছে বিএনপিকে, তাই দেশ ও সরকারের অর্থনৈতিক কোনো ইতিবাচক অর্জন তারা দেখতে পায় না। ‘
বিএনপি’র গণঅভ্যুত্থান করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যাদের রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা নেই, তারা অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘আত্মীয় ও দলীয় পরিচয় দিয়ে বিআরটিএতে যারা প্রভাব খাটাতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। ‘
বিআরটিএতে নিয়ম কানুন অনুযায়ী সবাইকে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
দালালের দৌরাত্ম্য থেকে সবাইকে সাবধানে থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গ্রাহক সেবার নামে যাতে কেউ হয়রানির স্বীকার না হয়, সেদিকেও নজর দিতে হবে। যেসকল ব্যক্তি ঘুষ দিয়ে বদলি ও প্রমোশন করাতে চান, সেসকল ব্যক্তিদের দিয়ে বিআরটিএতে কোনো লাভ হবে না। ‘
আকাশ নিউজ ডেস্ক 









