জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার হয়ে এক নারী টানা ছয় দিন ধরে শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন। গত ১০ নভেম্বর সকাল আটটার দিকে দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছাকাছি এলাকা দিয়ে ওই ৩০ বছর বয়সী নারীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। সমাধান না হওয়ায় ৬ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার সেই নারী।
তৎক্ষণাৎ জামালপুরের ৩৫ বিজিবি সদস্য ও স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে বিএসএফের এই অপচেষ্টা প্রতিহত করেন। বিজিবির বাধার মুখে ব্যর্থ হয়ে বিএসএফ পিছু হটলেও ওই নারী নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেন। সেই থেকে তিনি খোলা আকাশের নিচে প্রখর রোদ উপেক্ষা করে সেখানেই অবস্থান করছেন। তার এই দুরবস্থা নিরসনে স্থানীয়রা জরুরি ভিত্তিতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের দাবি তুলেছেন।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার বিএসএফ ওই নারীকে পুশইনের চেষ্টা চালালে স্থানীয়দের নিয়ে বিজিবি তা রুখে দেয়। তিনি আরও নিশ্চিত করেন যে, বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজিবি ওই এলাকায় কঠোর নজরদারি ও তৎপরতা বজায় রাখবে।
আকাশ নিউজ ডেস্ক 






















