মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ রুটে বিমান চলাচলে বড় ধরনের পরিবর্তন এনেছে কাতার এয়ারওয়েজ। কাতারের জাতীয় এই বিমান সংস্থাটি রিয়াদ ও দাম্মাম রুটে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত নিজেদের সব ধরনের ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে। আঞ্চলিক সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে কাতারের পতাকাবাহী এই রাষ্ট্রীয় বিমান সংস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক দাপ্তরিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিমান সংস্থাটি। এতে জানানো হয়, নির্ধারিত সময় পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে কাতার এয়ারওয়েজের আসা-যাওয়ার সব ফ্লাইট পরিচালনা পুরোপুরি বন্ধ রাখা হবে।
একই সাথে সৌদি আরবের জেদ্দা রুটেও ফ্লাইট চলাচলের সংখ্যা কাটছাঁট করা হয়েছে। রুটটিতে এতদিন নিয়মিতভাবে দিনে ৭টি করে ফ্লাইট পরিচালিত হলেও নতুন সিদ্ধান্তে তা কমিয়ে দৈনিক ৪টি ফ্লাইটে নামিয়ে আনা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট চলাচলের বর্তমান সময়সূচি যেকোনো সময় আবারও পরিবর্তন হতে পারে বলে যাত্রীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।
ফ্লাইট বাতিলের কারণে যেসব যাত্রীর আগে থেকে বুকিং করা টিকিট রয়েছে, তাদের নির্ধারিত ফ্লাইট ছাড়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে কাতার এয়ারওয়েজের সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধ করা হয়েছে। এছাড়া টিকিট পুনঃনির্ধারণ, বুকিং হালনাগাদ ও সর্বশেষ তথ্য জানতে সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা সরাসরি কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























