গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারে মতো তেহরানে সফরে গেলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার বিকেলে তিনি ইরানের রাজধানীতে পৌঁছান। সেখানে দেশটির শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা ও সংঘাত বন্ধের উপায় নিয়ে আলোচনা হবে। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলটিতে কয়েক মাস ধরে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এ আলোচনায় যুদ্ধ বন্ধের চেষ্টা থাকবে বলে জানিয়েছে অনলাইন আল জাজিরা। মস্কো বলেছে, কয়েক মাস ধরে এই যুদ্ধকে কেন্দ্র করে চলমান উত্তেজনাকে প্রশমন করার অংশ হিসেবে এই সফর।
ইরান সফরকালে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ল্যাভরভের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার তিনি বাহরাইনে অবস্থান করছিলেন, যেখানে রাশিয়া ও পারস্য উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) কৌশলগত সংলাপে অংশ নেন তিনি। ওই বৈঠকে জিসিসিভুক্ত দেশগুলো হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং কার্যকর সংলাপে বসতে তেহরানের ওপর মস্কোর কূটনৈতিক প্রভাব খাটানোর আহ্বান জানান।
জিসিসির প্রধান জসিম আল বুদাইয়ি অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সদস্য রাষ্ট্রগুলোতে তেহরান অন্তত ৭ হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৈঠক শেষে ছয়টি আরব দেশের সমাপনী বিবৃতিতে, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ভবিষ্যৎ আলোচনার অংশ করতে তেহরানকে রাজি করানোর জন্য ল্যাভরভকে অনুরোধ জানানো হয়। সমাপনী বিবৃতিতে ৬ আরব রাষ্ট্র ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ভবিষ্যত আলোচনায় অন্তর্ভুক্ত করতে ইরানকে রাজি করানোর আহ্বান জানায়।
আকাশ নিউজ ডেস্ক 























