অনলাইন বিশ্বের বড় একটি অংশ বর্তমানে দৃশ্যমান মানুষের চেয়ে অদৃশ্য এক প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যার নাম বট। মূলত এটি এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা কোনো মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করতে সক্ষম। মানুষের কর্মকাণ্ড নকল করে তৈরি এসব প্রোগ্রাম অনেক ক্ষেত্রে মানুষের চেয়েও দ্রুত এবং নির্ভুলভাবে কাজ সম্পাদন করতে পারে। বর্তমান ইন্টারনেটের মোট ট্রাফিকের অর্ধেকের বেশি অংশই বিভিন্ন ধরনের বটের দখলে। প্রতিটি বটের আলাদা আইপি বা ইন্টারনেট প্রটোকল ঠিকানা থাকায় নেটওয়ার্কে এদের সহজেই শনাক্ত করা যায়। বট মূলত ওয়েবসাইটের তথ্য সংগ্রহ, ওয়েবপেজের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং গ্রাহকসেবার বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
বটের বহুমুখী ভূমিকা
ইন্টারনেট জগতে বটের কার্যক্রম অনেকটা মুদ্রার দুই পিঠের মতো। এর একদিকে যেমন রয়েছে অনেক সুবিধা, অন্যদিকে তেমনি রয়েছে ঝুঁকির সম্ভাবনা। উপকারী বটগুলো তথ্য সুবিন্যস্ত রাখা এবং সার্চ ইঞ্জিনে সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের চ্যাটবট ২৪ ঘণ্টা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিয়ে মানসম্মত সেবা নিশ্চিত করছে। তবে সাইবার অপরাধীরা বটকে ক্ষতিকর উদ্দেশ্যেও ব্যবহার করে। যেমন, মানুষের অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ, স্প্যামিংয়ের জন্য ব্যক্তিগত ই–মেইল ও যোগাযোগ নম্বর সংগ্রহ কিংবা সাইবার আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু খুঁজে বের করা বটের মাধ্যমে চালানো অপরাধমূলক কাজের অংশ।
অতিরিক্ত তথ্য
- তথ্যসূত্র: ক্লাউডফ্লেয়ার
- প্রতিবেদন প্রস্তুতকারক: আহসান হাবীব
- যোগাযোগ: [email protected]
আকাশ নিউজ ডেস্ক 
























