কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টার দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য। আগুনের ভয়াবহতায় রিসোর্টটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ১৭ জন পর্যটক অবস্থান করছিলেন বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি নিখোঁজ অন্যদের সন্ধানে তৎপরতা চালানো হয়। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন নারীকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে, যিনি বারবার ‘সাইফ’ নামের একজনকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন। পূজার ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে আসা ওই নারীর স্বজন হারানোর হাহাকার হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে সাইফের সঙ্গে ওই নারীর সম্পর্ক কী, সাইফ নিহতদের তালিকায় রয়েছেন কি না কিংবা ওই নারীর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকাজের ব্যস্ততা আর স্বজনের সন্ধানের মাঝে এই নারীর আহাজারি হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। ‘আমার সাইফকে আইন্না দাও, আমি কারে নিয়া বাঁচুম’—কান্নাজড়িত কণ্ঠে বারবার এই আকুতি জানাচ্ছিলেন এক নারী। তার কণ্ঠে স্বজনকে হারানোর কষ্ট ও অসহায়ত্ব ফুটে ওঠে।
ঘটনাস্থল থেকে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোরশেদ হোসেন জানিয়েছেন, অধিকাংশ অংশ কাঠের তৈরি হওয়ায় রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে কয়লা হয়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপরই রিসোর্টের ধ্বংসস্তূপের ভেতরে উদ্ধারকাজ শুরু করা হয়। বর্তমানে নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং অন্যদের খুঁজে বের করাই উদ্ধারকারী দলের প্রধান লক্ষ্য।
আকাশ নিউজ ডেস্ক 






















