কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টার দিকে লাগা এই আগুনে পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় এখন পর্যন্ত ৫ জন পর্যটকের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। অগ্নিকাণ্ডে আহত অবস্থায় ৭ থেকে ৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টের ভেতরে উদ্ধারকারী দল তল্লাশি শুরু করেছে। ভেতরে আরও কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, আগুনে একাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 






















