আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন ব্যাংকসহ দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংকগুলো বন্ধ থাকবে। সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকগুলোতে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। সরকারি ক্যালেন্ডারের এই দীর্ঘ ছুটির প্রভাব কমাতে কেন্দ্রীয় ব্যাংক এক বিশেষ নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যাংকগুলো সাধারণ কর্মদিবসের মতো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ২২ অক্টোবরের ছুটির সমন্বয় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শেয়ারবাজারের লেনদেনও নির্ধারিত এই শনিবার চালু থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরপরই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তারা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন কর্মবিরতি পাচ্ছেন। এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে ২২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখা হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 























