আকাশ জাতীয় ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন, বিধি-বিধান মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
শুক্রবার (১০ জুলাই) আমিরাতের উম্ম-আল কোয়াইনে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে কনস্যুলেটের উদ্যোগে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, উম্ম-আল কোয়াইন-এর সভাপতি মুজিবুর রহমান চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
এ সময় প্রধান অতিথি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা করতে হলে স্থানীয় সব ধরনের আইন, নীতি ও নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, টিকটক, ইউটিউব ইত্যাদি) ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। যাতে অজান্তে কোনো স্থানীয় সাইবার আইন লঙ্ঘন না হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, শাহনাজ পারভীন প্রথম সচিব (শ্রম) বাংলাদেশ কনস্যুলেট। আমিরুল হক চৌধুরী এনামসহ কমিউনিটির নেতারা।
সভার একটি গুরুত্বপূর্ণ অংশে কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন। পরে প্রবাসীদের উত্থাপিত নানা প্রশ্নের জবাব দেন এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পরামর্শ দেন।
আকাশ নিউজ ডেস্ক 


















