আকাশ বিনোদন ডেস্ক :
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অভিনয়ের পাশাপাশি মঞ্চ নাটকে নির্দেশনা দিলেও প্রথমবার পূণ্যদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন তিনি। নাম ‘সোমেশ্বরী’। শুধু ক্যামেরার পেছনে নয় নতুন এই চলচ্চিত্রে অভিনয়ও করেছেন নওশাবা।
জানা গেছে, সোমেশ্বরী নদীকেন্দ্রিক জনপদের জীবন, প্রকৃতি ও মানুষের বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। সম্প্রতি সুনামগঞ্জের মধ্যনগর বাজার এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় পূণ্যদৈর্ঘ্য এই সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে।
নওশাবার সঙ্গে সিনেমাটি পরিচালনায় সহযোগিতা করেছেন হাসান, আপন, লতাসহ আরও কয়েকজন টিম মেম্বার। তাদের সম্মিলিত ভাবনা ও স্থানীয় বাস্তবতাকে ভিত্তি করেই সিনেমাটির নির্মাণ এগিয়েছে।
২০১৮ সাল থেকে মঞ্চে নির্দেশনা দিচ্ছেন নওশাবা। চলচ্চিত্রে এটাই তাঁর প্রথম পরিচালনা। ‘সোমেশ্বরী’ সিনেমায় নওশাবা ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পীই মধ্যনগরের স্থানীয় বাসিন্দা এবং সিনেমায় একেবারেই নতুন।
নওশাবা বলেন, ‘সোমেশ্বরী’ সিনেমায় প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির গল্প বলা হয়েছে। এটি মূলত প্রকৃতি ও পরিবেশের ওপর ক্রমবর্ধমান দূষণ এবং তার প্রভাবকে কেন্দ্র করে নির্মিত একটি সিনেমা। সিনেমায় কাজের ক্ষেত্রে আমার বিশেষ প্রস্তুতি থাকে। তবে এ সিনেমাটিতে অভিনয়ের কোনো পরিকল্পনাই ছিল না। হঠাৎই ক্যামেরার সামনে আসা। গল্পের প্রধান চরিত্রে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত আমাকেই দায়িত্ব নিতে হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রামীণ জীবন ও মানুষের সঙ্গে ছোটবেলা থেকেই পরিচয় থাকায় চরিত্রটি ধারণ করতে খুব বেশি বেগ পেতে হয়নি। মধ্যনগরের মানুষের সহযোগিতাও কাজকে সহজ করেছে।’
সিনেমাটি নির্মিত হয়েছে গ্রিন ফিল্মসের ব্যানারে, যা ইন্টারন্যাশনাল একাডেমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার আওতাধীন একটি উদ্যোগ।
আকাশ নিউজ ডেস্ক 

























