গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৬৬ জন ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১০ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। এছাড়া এ সময়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে পৌঁছেছে।
আকাশ নিউজ ডেস্ক 























