প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, তবে এক্ষেত্রে নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধ বজায় রাখতে হবে।
সোমবার ১৯ অক্টোবর সকালে রাজধানী ঢাকায় আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ ২০২৬’ শিক্ষা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বিশ্বের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই, কিন্তু একই সঙ্গে তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করাও জরুরি।
তার মতে, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং জ্ঞান বিনিময়ের সুযোগ কাজে লাগিয়ে উন্নত ও নৈতিক বাংলাদেশ গঠন সম্ভব। এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার আনতে বড় ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















