সরকারের উচ্চপর্যায়ের ১০ জন কর্মকর্তার রদবদল করা হয়েছে। এর মধ্যে সাতজন সচিবের দফতর পরিবর্তনের পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি ও দুজনকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা সাতজন সচিবের দফতর বদল করেছে সরকার।
প্রজ্ঞাপনে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর করা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। একইসঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবিরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
রদবদলের তালিকায় আরও রয়েছেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, যাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (সংযুক্ত) করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এবং নাডা রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য সচিব, বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহণ সচিব এবং নৌপরিবহণ সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) পদে পদায়ন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























