ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের হার বেশি, সেখানে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাসান শিপলু আরও জানান, সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে সফল করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাগুলোর মধ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে।
সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 


















