সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে ইয়েমেনের হুথি বাহিনীর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আকাশসীমার নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাতে হুথিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কিং খালিদ বিমানঘাঁটিতে এই হামলা চালানোর দাবি করেছে। রিয়াদে দায়িত্বরত এক পশ্চিমা কর্মকর্তা পুরো শহরে বিকট বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের দৃশ্য ছড়িয়ে পড়েছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে রিয়াদ, জেদ্দা ও দাম্মামগামী তাদের সমস্ত ফ্লাইট আগামী ১৯ অক্টোবর পর্যন্ত বাতিল করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কাতার এয়ারওয়েজও তাদের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।
মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা ও ইয়েমেন যুদ্ধের এই ভয়াবহ বিস্তৃতি সৌদি আরবের অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধিতার প্রেক্ষাপটে আরও জটিল হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
একই সময়ে ইরানের ইসলামি রেভল্যুশারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালি থেকে বের হওয়ার চেষ্টা করা একটি সুপারট্যাংকরে আঘাত হেনেছে। এটি দুই দিনের ব্যবধানে জলযানে তৃতীয় হামলার ঘটনা, যা অঞ্চলটিতে চরম অস্থিরতা বাড়িয়ে দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















