দেশের চারটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া নিয়মিত আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। দেশের ৪ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 


















