রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা পৌনে তিন কোটি টাকার হীরা, প্লাটিনাম ও স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় মো. জনি রহমান নামের এক যাত্রীকে আটক করার পর তাকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার রাতে। কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই যাত্রী রাত সাড়ে আটটার দিকে বিমানবন্দরে অবতরণ করেন। কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নজরদারি বাড়ানো হয়েছিল। ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তাকে থামানো হয়। এরপর ব্যাগ স্ক্যান করলে আচারের বয়ামের ভেতরে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে। বয়ামটি খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে এসব মূল্যবান সামগ্রী। পরে তাঁর লাগেজ তল্লাশি করে অলংকারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, জব্দ করা অলংকার ও পাথরের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। এর মধ্যে রয়েছে ১৮ ক্যারেটের হীরা বসানো ৩৮৯টি সোনার আংটি, ৯৫০ মানের প্লাটিনামের ১৫১টি আংটি, সাদা সোনার ৩টি গয়না, ২টি রুপার আংটি, ৫টি সোনার লকেট, একটি চেইন এবং ৪৭২টি নাকফুল। এ ছাড়াও ৪৫ ক্যারেট ওজনের হীরাসহ হীরা, রুবি ও পোখরাজ মিলিয়ে মোট ৭২০টি মূল্যবান পাথর পাওয়া গেছে। সাথে গয়নার সত্যতা যাচাইয়ের জন্য ২৩টি প্রত্যয়ন কার্ডও জব্দ করা হয়েছে।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা বলে কাস্টম হাউস নিশ্চিত করেছে। এই চোরাচালানের ঘটনায় বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং মামলা দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 


















