কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজা অভিযোগ করেছেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে মোটা অংকের টাকার লেনদেন হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার জগতি চিনিকল গেটে সদর উপজেলা জামায়াতের আয়োজনে একটি সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, প্রতিটি ডিলারের কাছ থেকে অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তার নির্বাচনী এলাকায় মোট ১৪টি ডিলার পদের সবগুলোই একইভাবে অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে বলে তিনি দাবি করেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজা বলেছে ন, ‘সারের প্রতিটিডিলারের কাছ থেকে অন্তত ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখ পর্যন্ত টাকা নিয়ে এগুলো বিক্রি করা হয়েছে। আমার আসনে, সদরে ১৪টা ডিলার আছে। ১৪টাই বিক্রি হয়ে গেছে। ’।
এই অনিয়মের সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। আমির হামজা জানান, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় তাকে বা জামায়াতের অন্য তিন সংসদ সদস্যকে কোনো প্রকার অবহিত করা হয়নি এবং কোনো মিটিংয়েও ডাকা হয়নি। তার অভিযোগ, স্থানীয় প্রশাসন ও নির্দিষ্ট কয়েকজন জনপ্রতিনিধি দলীয় প্রভাব খাটিয়ে এই বাণিজ্য করেছেন। এ বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এই সংসদ সদস্য বলেন, ‘এর সঙ্গে যারা জড়িত আছে, আমরা তাদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ভবিষ্যতে সারের সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত ডিলাররা যেহেতু বিপুল টাকা খরচ করে লাইসেন্স পেয়েছেন, তাই তারা চাষিদের কাছ থেকে অতিরিক্ত দাম নিয়ে সেই টাকা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। সার নিয়ে কোনো কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের আন্দোলনের কর্মসূচি রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দল থেকে এ বিষয়ে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।
জগতি চিনিকল গেটে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল গফুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সরকারি উদ্যোগে জগতি চিনিকলের মাড়াই কার্যক্রম চালুর দাবি জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠন, আখ চাষী কল্যাণ সমিতি এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
আকাশ নিউজ ডেস্ক 


















