অক্টোবরের মাত্র প্রথম ৯ দিনে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র আগস্ট মাসে ৪৩ জন এবং সেপ্টেম্বর মাসজুড়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। এতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৯৫ জনে দাঁড়াল। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে, যা খুলনা বিভাগে ঘটেছে। এ ছাড়া একদিনে সারা দেশে ১ হাজার ৩০০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন এবং খুলনা বিভাগে ২৭৪ জন ভর্তি হয়েছেন। পাশাপাশি বরিশাল বিভাগে ১৪১ জন, রংপুর বিভাগে ৮০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট ১৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ২৫ জন করে, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩২ জন মারা গেছেন।
আকাশ নিউজ ডেস্ক 




















