আকাশ স্পোর্টস ডেস্ক :
মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে থ্রি লায়ন্সদের সেই ঐতিহাসিক জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচ শেষের বাঁশি বাজার পর সতীর্থদের সাথে সমর্থকদের সামনে উদ্যাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে অভিজ্ঞ ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের।
বিজ্ঞাপন বোর্ডের ওপর দিয়ে লাফিয়ে পার হতে গিয়ে মারাত্মকভাবে মাটিতে আছড়ে পড়েন ব্রেন্টফোর্ডের এই মিডফিল্ডার। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তাকে অক্সিজেন দিতে হয় এবং পরে স্ট্রেচারে করে মাঠ থেকে সরাসরি মেক্সিকো সিটির একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করা হয়েছে, সাবেক লিভারপুল অধিনায়কের কবজি ভেঙে গেছে, যার ফলে চলতি বিশ্বকাপে আর মাঠে নামা হচ্ছে না তার।
ইংলিশ কোচ থমাস টুখেল হেন্ডারসনের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘জর্ডানের কবজিতে গুরুতর চোট লেগেছে। আজকের এমন একটি স্মরণীয় রাতের সাথে এটা একেবারেই মানানসই নয় যে জর্ডান আমাদের সাথে নেই। ডাক্তার শুধু জানিয়েছেন, সে এখন হাসপাতালে আছে।’
এই বিশ্বকাপে অবশ্য খুব বেশি সুযোগ পাননি অভিজ্ঞ এই মিডফিল্ডার। গ্রুপ পর্বে পানামার বিপক্ষে বদলি হিসেবে মাত্র কয়েক মিনিট মাঠ মাতিয়েছিলেন। মেক্সিকোর বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচেও তিনি ছিলেন বেঞ্চে। তবে ম্যাচ চলাকালীন টাচলাইনের পাশে এক উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে বেঞ্চে বসেই হলুদ কার্ড দেখেন তিনি।
দলের বাকি সদস্যরা কানসাস সিটির মূল অনুশীলন ঘাঁটিতে ফিরে গেলেও হেন্ডারসন সাপোর্ট স্টাফের একজন সদস্যের সাথে মেক্সিকো সিটিতেই রয়ে গেছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















