আকাশ জাতীয় ডেস্ক:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, যে জাতি সংগীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে।
রবিবার বিশ্ব সংগীত দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে এ আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘পাখির কণ্ঠে কণ্ঠে, পাতা পড়ার শব্দে, জল তরঙ্গে কিংবা পর্বত থেকে নেমে আসা ঝর্ণার ধারায় প্রকৃতির মাঝ থেকেই সুর ও মূর্ছনার সৃষ্টি হয়েছে। সংগীত এক দেশ থেকে অন্য দেশে, মানুষ থেকে মানুষের মাঝে নিবিড় বন্ধন তৈরি করে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দর্শন, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের মাঝে সংগীতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে জাতি সংগীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে। ভাষা ভিন্ন হলেও সুর ও রাগের মূর্ছনা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে।’
পরিশেষে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল সংগীতপ্রেমী, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দীন আহমেদ (রেজাউদ্দীন স্টালিন)। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
উদ্বোধনী আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাদ্যযন্ত্রের সম্মিলিত পরিবেশনা। দেশ-বিদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা একক ও দলীয় পরিবেশনায় অংশ নেন।
বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উপস্থিত দর্শকরা মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন। দুই দিনব্যাপী এই সংগীত উৎসব ২২ জুন পর্যন্ত চলবে।
আকাশ নিউজ ডেস্ক 


















