আকাশ জাতীয় ডেস্ক:
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পৌরসভার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।
জানা গেছে, নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের বাড়িতে মা ডলি বেগম দুই ছেলে আবু বক্কর ও ওমর ফারুককে কাঁঠাল খেতে দিয়ে ঘুমাতে যান। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে ছেলেদের খুঁজতে থাকেন ডলি বেগম। কিন্তু কোথাও তাদের খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছে একটি পুকুরে নামেন স্থানীয় লোকজন। তখন পুকুর থেকে আবু বক্কর ও ফারুককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 



















