আকাশ জাতীয় ডেস্ক:
হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।
সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় এই মামলার আবেদন করেন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন মামলার আবেদনকারী কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। তিনি হামে শিশুমৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেন।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, দেশে দীর্ঘ সময় ধরে হামের প্রাদুর্ভাবের কারণে বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হয়েছে এবং বহু শিশুর মৃত্যু হয়েছে।
মজিবুর রহমান ইকবাল বলেন, বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে শিশুরা মৃত্যুবরণ করছে এবং প্রায় এক বছর ধরে বিভিন্ন হাসপাতালে অসংখ্য শিশু চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা বিগত সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্যখাতের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনেছেন।
তিনি অভিযোগ করেন, সাবেক সরকার ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় টিকা সময়মতো আমদানি করেনি। আমাদের অভিযোগ হলো, বিগত সরকার পরবর্তী নির্বাচিত সরকারকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার এবং বেকায়দায় ফেলার উদ্দেশে যথাসময়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেনি।
বাদী আরও দাবি করেন, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধিও এ বিষয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। মজিবুর রহমান ইকবালের অভিযোগ, ইউনিসেফ সম্ভাব্য সংকট সম্পর্কে সতর্ক করলেও তা আমলে নেওয়া হয়নি। তাদের সতর্কবার্তা ছিল, এমন সিদ্ধান্ত দেশের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু সরকার তা শোনেনি। আমরা মনে করি, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে।
বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক উদ্যোগ নিয়েছে। হামের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং স্বাস্থ্য উপদেষ্টা নিজে বিভিন্ন হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মজিবুর রহমান ইকবাল আরও বলেন, আমাদের বিশ্বাস, বিগত সরকার পরিকল্পিতভাবে যথাসময়ে টিকা না এনে জাতির সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করেছে। বাদীপক্ষ হিসেবে আমরা মনে করি, এটি শুধু অবহেলা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শামিল।
আকাশ নিউজ ডেস্ক 



















