আকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরের বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধের জেরে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত ১ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যার শিকার বৃদ্ধার নাম ফিরোজা বেগম (৬২) ওই গ্রামের মৃত ওয়াজেদ মোল্যার মেয়ে এবং একই গ্রামের মৃত মুক্তার মোল্লার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, নিহত ফিরোজা বেগমের পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির একটি অংশ তার বৈমাত্রেয়-ভাই নুরুজ্জামান মোল্যার কাছ থেকে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের আমীর হোসেন বাচ্চু জোয়ার্দার ও তার ভাইয়েরা ক্রয় করে। পরে সে সম্পত্তির পুরোটাই দখলে নেওয়ার চেষ্টা করে প্রভাবশালী বাচ্চু জোয়ার্দাররা। এ নিয়ে ফিরোজা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। স্থানীয় শালিস বৈঠকে মীমাংসা না হলে আদালতের আশ্রয় নেয় ফিরোজা বেগম। মামলায় প্রাথমিক রায় পান ফিরোজা বেগমের। প্রতিপক্ষ আপিল করায় বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
বিরোধপূর্ণ জমিতে আদালতের রায় অমান্য করে বাচ্চু জোয়ার্দার ও তার ভাই টুলু জোয়ার্দার আজ সকালে একটি শৌচাগার নির্মাণ করতে মাটি খোঁড়া শুরু করলে বাধা দেন ফিরোজা বেগম। এ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রতিপক্ষ রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রব জোয়ার্দারের ছেলে বাচ্চু জোয়ার্দার (৫৫), তার ভাই টুলু জোয়ার্দার (৪৫), একই গ্রামের মসলেম মিয়ার ছেলে রসুল মিয়া (৭৫) ও বাচ্চু জোয়ার্দারের ছেলে বাপ্পি জোয়ার্দার (২৭) ও বাচ্চু জোয়ার্দারের বড়ভাই মৃত বাবলু জোয়ার্দারের স্ত্রী লাকি আক্তার।
একপর্যায় বৃদ্ধা ফিরোজা বেগমের ওপর হামলা চালায় তারা। এ সময় বৃদ্ধা ফিরোজা বেগমের সঙ্গে থাকা ষষ্ঠ শ্রেণি পড়ুয়া নাতি সাথী আক্তার বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও প্রহার করে প্রতিপক্ষ হামলাকারীরা। হামলাকারীদের উপর্যুপরি কিল, ঘুসি, লাথিতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ফিরোজা বেগম। সাথী আক্তার ও নিহত ফিরোজা বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফিরোজা বেগমের মা ছবিরন নেছা বলেন, জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ রামচন্দ্রপুর গ্রামের টুলু, তার ভাই বাচ্চু, রসুল মিয়া ও বাচ্চুর ছেলে বাপ্পি আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে।
নিহতের ছেলে আজিজুর মোল্যা বলেন, আমাদের জমি জোর করে দখল করে রেখেছে বাচ্চু জোয়ার্দার ও তার ভাইয়েরা। এ নিয়ে কোটে মামলা চলছে। সেখানে তারা আজ বাথরুম করতে গর্ত খুঁড়ে, খবর পেয়ে আমার মা ও আমার মেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের কাজ করতে বাধা দেন, এ সময় কথা-কাটাকাটি হলে তারা আমার মার চুল ধরে টেনে-হিঁচড়ে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মো. জালাল সিকদার বলেন, ঘটনার পর লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বাচ্চু জোয়ার্দাররা ফিরোজা বেগমকে পিটিয়ে হত্যা করেছে। ফিরোজার সঙ্গে বাচ্চু, টুলুদের জমি নিয়ে আদালতে মামলা চলছে। এমন ঘটনার নিন্দা জানাই ও প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচার আওতায় আনার জোর দাবি করছি।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশ উদ্ধার করে আমাদের জিম্মায় রাখা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে মূল ঘটনা উদঘাটন করার চেষ্টা চলমান। জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















