আকাশ স্পোর্টস ডেস্ক :
ম্যাচ জয় তখন নিশ্চিতই ছিল রিয়াল মাদ্রিদের। ঠিক তখনই এমন এক কাজ করে বসলেন রিয়ালের তুর্কি তারকা আর্দা গুলের, তাতে চোয়াল ঝুলে পড়ার যোগাড়। নিজ অর্ধ থেকে নিয়ে বসলেন শট, আর তাতেই এল শেষ গোলটা। সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতাতেও নিজের নাম সোনার হরফে লিখিয়ে নিলেন তিনি।
শনিবার লা লিগায় এলচেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে আনল। আজ রোববার বার্সেলোনার ঘরে সেভিয়ার ম্যাচ রয়েছে।
ম্যাচে ৩৯তম মিনিটে জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের গোলে এগিয়ে যায় রিয়াল। ভালভার্দের ফ্রি-কিক গোলরক্ষক দিতুরো ঠেকিয়ে দিলেও রিবাউন্ড সরাতে পারেনি এলচে। সেই সুযোগেই বল গোলে পাঠান রুডিগার।
বিরতির আগে ফেদে ভালভার্দে দ্বিতীয় গোল করেন। বক্সের কিনারে জায়গা তৈরি করে উপরের কোণে বল পাঠান তিনি। এটি শেষ তিন ম্যাচে তার পঞ্চম গোল। এর আগে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ হ্যাটট্রিক করেছিলেন ভালভার্দে।
দ্বিতীয়ার্ধে কোচ আলভারো আরবেলোয়া বেশ কিছু তরুণ খেলোয়াড়কে মাঠে নামান। ১৮ বছর বয়সী উইঙ্গার দানিয়েল ইয়ানেজের দুর্দান্ত ক্রস থেকে হেডে তৃতীয় গোল করেন ডিন হাউসেন।
তবে রিয়ালের বদলি খেলোয়াড় মানুয়েল আনহেল বল সরাতে গিয়ে নিজের জালে পাঠিয়ে ব্যবধান কমিয়ে আনেন। এরপর গুলের নিজের অর্ধ থেকে গোলরক্ষক দিতুরোকে পোস্টের বাইরে দেখে লব করেন। বল উড়ে গিয়ে জালে জড়ায়। পেছনে দৌড়ে এসেও বল ঠেকাতে পারেননি দিতুরো।
এই গোল ইতোমধ্যেই ইতিহাসের পাতায় উঠে গেছে। ২০০৪ সালে হোসে আন্তনিও ৬৮ মিটার দূর থেকে গোল করেছিলেন। তারপর ২০২৬ সালে এসে একই দূরত্ব থেকে গোল করে সেই রেকর্ডে ভাগ বসালেন।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লক্ষ্যে ম্যানচেস্টার সিটির মাঠে যাবে রিয়াল। এই ম্যাচের কথা মাথায় রেখে দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র, ভালভার্দে ও চুয়ামেনিকে বিশ্রাম দেন আরবেলোয়া। তাদের ছাড়াও সহজেই জয় তুলে নিল রিয়াল।
আকাশ নিউজ ডেস্ক 



















