আকাশ স্পোর্টস ডেস্ক :
দল ৮-০ গোলে জিতেছে একটা টুর্নামেন্টের সেমিফাইনালে, এমন সময় আর সবার নজর থাকে ফাইনালের দিকে। তবে কোচ ফেলিপে লুইসের নিয়তি তেমন হলো না। তার ক্লাব ফ্লামেঙ্গো তাকে বরখাস্তই করে দিয়েছে।
গেল মৌসুমে দলটাকে লাতিন চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন তিনি। এই কোচকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত বড় জয়ের কয়েক ঘণ্টা পরই জানায় ক্লাবটি।
ক্লাবটি এক বিবৃতিতে জানায়, তিনি আর দায়িত্বে থাকবেন না। সহকারী কোচ ইভান পালানকো এবং ফিটনেস কোচ দিয়োগো লিনহারেসও বিদায় নিচ্ছেন।
ফ্লামেঙ্গো সাবেক খেলোয়াড় ও কোচকে ধন্যবাদ জানায়। তারা তার পরবর্তী পথচলার জন্য শুভকামনা জানায়।
গেল মৌসুমে তার অধীনে লিগ জিতেছিল ফ্লামেঙ্গো। এরপর কোপা লিবার্তাদোরেসও জিতেছিল ক্লাবটি।
তবে ২০২৬ মৌসুমের শুরুটা তার দলের ভালো ছিল না। করিন্থিয়ান্সের কাছে সুপারকোপা দো ব্রাজিল হারে ফ্লামেঙ্গো। আর্জেন্টাইন ক্লাব লানুসের কাছে রেকোপা সুল-আমেরিকানাও হারায়।
এরপর চলতি সিরি’আ মৌসুমে তারা আছে মোটে ১১ নম্বরে। রাজ্য প্রতিযোগিতায় অবনমন প্লে-অফের শঙ্কাও ছিল তাদের।
সমর্থকেরা পারফরম্যান্স নিয়ে সমালোচনা করছিলেন। মারাকানায় লানুসের ম্যাচে কিছু দর্শক কোচকে কটূক্তি করেন। এরপরই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ফ্লামেঙ্গো।
আকাশ নিউজ ডেস্ক 





















