আকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-পলওয়েল এর ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে পলওয়েলের ২০১৯-২০ অর্থ বছরের ৫৩তম বার্ষিক সাধারণ সভায় এ পরামর্শ দেন আইজিপি।
সভায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের মহাপরিচালক ও পলওয়েলের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০১৯-২০ অর্থ বছরের প্রতিবেদন উপস্থাপন করেন। সভার শুরুতে পলওয়েলের বিগত ৬০ বছরের কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে পলওয়েল চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বলেন, পলওয়েল দেশের একটি অতি প্রাচীন ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান। পলওয়েলের যে সম্পদ ও সম্ভাবনা রয়েছে সে নিরিখে এর আরও অনেক ভালো করার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, জনগণের সেবায় নিয়োজিত পুলিশ বাহিনীর কল্যাণে আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। পলওয়েলের আয় বাড়ানোর লক্ষ্যে তিনি আগামীতে সংগঠনটির প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার জন্য পলওয়েলের সদস্যদের প্রতি আহবান জানান।
আইজিপি পলওয়েল মার্কেটের কাঠামোগত সম্প্রসারণ, লাভজনক নতুন নতুন খাত অন্তর্ভূক্তি ও বিনিয়োগ ইত্যাদি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি পলওয়েলের বেশ কিছু মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং প্রায় ৬০ বছরের পুরনো উপ-আইন সংশোধন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
একইসঙ্গে পলওয়েল মার্কেট মাল্টিপারপাস ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং পলওয়েলের কার্যক্রম সম্প্রসারণের জন্য পলওয়েলের অধীনে প্রাইভেট কোম্পানি করে স্টক মার্কেটে তালিকাভুক্তিসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন পুলিশ প্রধান।
সভায় পলওয়েলের পরিশোধিত মূলধনের ওপর ২০১৯-২০ অর্থ বছরে ৩০ ভাগ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়া, ২০১৯-২০ অর্থ বছরের অডিট রিপোর্ট, ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা ও অনুমোদন দেওয়া হয়। সভায় পলওয়েলের সংশোধিত উপ-আইন-২০২১ অনুমোদন এবং এর আলোকে পুনর্গঠিত ব্যবস্থাপনা কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়াও, আইজিপির সভাপতিত্বে ১২ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
সভায় সকল পুলিশ ইউনিটের প্রধানরা দেশের বিভিন্ন স্থান হতে আগত পলওয়েলের সদস্য ও ডেলিগেটগণকে নিয়ে নিজ নিজ ইউনিটে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এ সভায় পলওয়েলর পরিচালক, ডেলিগেট এবং সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















