অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জোটের কার্যক্রম পরিচালনার জন্য নতুন অফিস নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, নতুন অফিস রাজধানীর ৩৭/২ পুরানা পল্টন জামান টাওয়ারের চতুর্থতলায় নেয়া হয়েছে। সেখানেই এখন থেকে ঐক্যফ্রন্টের সব কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।
দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন গণফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।
গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ করা হয়।
বিএনপি ছাড়াও ঐক্যফ্রন্টে যুক্ত রয়েছে- মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।
আকাশ নিউজ ডেস্ক 




















