অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়িতে পেট্রলবোমা মেরে যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার এ মামলার চার্জ (অভিযোগ) গঠন-সংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এদিন আসামিপক্ষ সময় আবেদন করেন। আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন আদালত।
রাজধানীর বকশীবাজারে স্থাপিত (অস্থায়ী) ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলীর আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন জিয়া যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক বশির উদ্দিন বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় আদলতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। চার্জশিটে হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে এক নম্বরে রাখা হয়েছে। ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ৩১ জন যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামের এক যাত্রী মারা যান। ঘটনার পর দিন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কেএম নুরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আকাশ নিউজ ডেস্ক 




















