অাকাশ জাতীয় ডেস্ক:
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ও স্থানীয় এমপি বেগম মতিয়া চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম মনোনয়ন কিনেছেন।
সোমবার সকালে নকলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের কাছে মতিয়া চৌধুরীর পক্ষে তার দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র কিনেন।
দুপুরে নালিতাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের কাছে মনোনয়নপত্র কিনেন নুরুল ইসলাম।
মতিয়া চৌধুরীর পক্ষে মনোনয়ন কেনার সময় নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বেগম মতিয়া চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থী শেরপুর-২ আসন থেকে নির্বাচন করায়, সবার দৃষ্টি থাকে এ আসনটি ঘিরে। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মতিয়া চৌধুরী ১৯৯১, ১৯৯৬,২০০৮ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হন।
নালিতাবাড়ী উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম মনোনয়নপত্র কিনেছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















