অাকাশ জাতীয় ডেস্ক:
বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী মতিঝিলে ড. কামালের সঙ্গে দেখা ও শুভেচ্ছা বিনিময় করতে গেলে ড. কামাল হোসেন তাকে জড়িয়ে ধরেন।
এ সময় কামাল হোসেন বলেন, আজ আমি অনেক সৌভাগ্যবান। আমার আর কোনো চিন্তা নেই। এমন একজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন। এখন আমার আর কোনো চিন্তা নেই। বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ায় আমরা খুবই গর্বিত।
এর আগে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন কাদের সিদ্দিকী। ওই সংবাদ সম্মেলনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচন সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাতে গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বঙ্গবীর কাদের সিদ্দিকী এই ফ্রন্টে যোগ দেবেন কিনা তা নিয়ে বেশ জল্পনাকল্পনা চলছিল।
সর্বশেষ গত ৩ নভেম্বর জানিয়েছিলেন যে, ৫ নভেম্বর নিজের অবস্থান পরিষ্কার করবেন। সেই ঘোষণা অনুযায়ী সোমবার তিনি জাতীয় ঐক্যফ্রন্টের যোগ দিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















