অাকাশ জাতীয় ডেস্ক:
হেফাজতে ইসলামের মহাসচিব শায়কুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, চীন-রাশিয়া কিংবা অন্য কোনো দেশের সংবিধানে নয়, আমাদের সংসদ চলবে ইসলামী বিধানমতে।
বৃহস্পতিবার রাতে মাগুরা শহরের নোমানি ময়দানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাগুরার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এ দেশের মালিক আল্লাহ। সংসদের মালিকও আল্লাহ। তা হলে আমাদের সংসদও চলবে তার বিধানমতে।
চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার মুহাদ্দিস হেফাজত নেতা বাবুনগরী রাত ১১টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে তার বক্তব্য শুরু করেন। এ সময় তিনি ইসলামের সঙ্গে পার্থিব বিভিন্ন বিষয়ের তুলনা করে বক্তব্য রাখেন।
বাবুনগরী তার বক্তব্যে বলেন, আমরা হিন্দু হিসেবে জন্ম নিইনি। বৌদ্ধ হিসেবেও জন্ম নিইনি। আল্লাহ করুণা করে আমাদের মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন। আমাদের শক্তি ইসলাম। ইসলামের নিজস্ব একটি শক্তি রয়েছে। সেই শক্তি আমাদের ব্যবহার করতে হবে। আমরা দেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো প্রকার ষড়যন্ত্র শরীরের রক্ত দিয়ে হলেও প্রতিহত করব।
তিনি বলেন, আসাদ নূর নামে একজন ব্লগার কোরআনকে অবমাননা করেছে। আমরা তার শাস্তি চেয়েছি। কিন্তু সরকার তাকে আটক করলেও জামিনে মুক্তি দিয়েছে। আমরা ইসলাম ও কোরআনের অবমাননাকারী এসব নাস্তিক ব্লগারদের ফাঁসির জন্য সংসদে আইন করার দাবি করছি।
তিনি কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, নামাজের মধ্যে সুরা পাঠ করা হয়। অনেক আয়াতে নবী রসুলের নাম থাকে। সেসব আয়াতে নবী রসুলের নাম উচ্চারণ না করলে নামাজ হবে না।
বাবুনগরী এক ঘণ্টার বক্তব্য শেষে রাত ১২টায় ১৫ মিনিট ধরে মোনাজাত করেন। তিনি দেশের মুসলমান এবং দেশকে অধিক সেবা দানের জন্য পুলিশ ভাইদের তৌফিক দানের জন্য দোয়া চান। পাশাপাশি ‘জুলুম বন্ধ করে দেশের পরিস্থিতি ঠাণ্ডা করে দিন’ বলে আল্লাহর দরবারে দোয়া করেন।
এর আগে বক্তব্য রাখেন খুলনা গোয়ালখালী মাদ্রাসার মুহতামিম আবদুল আওয়াল। তিনি বাবুনগরীকে নায়েবি রসুল নামে উল্লেখ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাবুনগরী এমনই একজন ব্যক্তি যে, নায়েবি রসুলের চেহারা দেখা নবীর চেহারা দেখার মতো।
আকাশ নিউজ ডেস্ক 




















