অাকাশ জাতীয় ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দুদিনের সফরে আজ বৃহস্পতিবার রংপুর গেলেন।
বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সকাল সাড়ে ৯টায় নভোএয়ারের একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
দুপুরে রংপুর সার্কিট হাউসে পৌঁছেন এরশাদ। বেলা ৩টায় খলোয়া ইউনিয়নে এক পথসভায় বক্তৃতা করবেন এইচএম এরশাদ। সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টি রংপুর কার্যালয়ে এক মতবিনিময়সভায় যোগ দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় রংপুর পল্লী নিবাস থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
শুক্রবার দুপুর পৌনে ১টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিত থাকার কথা রয়েছে। রংপুর সফরে এরশাদের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পার্টির ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর।
সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিমানবন্দরে বিদায় জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আবদুস সবুর আসুদ, কেন্দ্রীয় নেতা মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, মো. আল মামুন।
আগামী শনিবার জামালপুর জেলার ইসলামপুরে জাতীয় পার্টির জনসভায় ভাষণ দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ। ওই দিন দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে হেলিকপ্টারযোগে জামালপুরের ইসলামপুরের উদ্দেশে রওনা করবেন তিনি।
বেলা ৩টায় ইসলামপুরের গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় পার্টি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করবেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ।
বিকাল ৪টায় হেলিকপ্টারযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা করবেন সাবেক এ রাষ্ট্রপতি। বিকাল পৌনে ৫টায় বারিধারার বাসভবনে উপস্থিত থাকার কথা রয়েছে তার। জামালপুরে হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 




















