অাকাশ জাতীয় ডেস্ক:
সদ্য যোগ দেয়া শমসের মবিন চৌধুরীকে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। একই সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা করা হয়েছে সাবেক এ বিএনপি নেতাকে।
বিকল্পধারার পুনর্গঠিত প্রথম প্রেসিডিয়াম বৈঠক শেষে রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে দুপুর ১টায় বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে তার বারিধারার বাসভবন মায়াবিতে বৈঠক শুরু হয়।
আড়াই ঘণ্টাব্যাপী চলা বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মাহী বি চৌধুরী, আবদুর রউফ মান্নান ও অধ্যাপক আনোয়ারা বেগম।
ব্রিফিংয়ে মাহী বি চৌধুরী সাংবাদিকদের জানান, বৈঠকে ৩টি কমিটি গঠন করা হয়েছে। সাবেক মন্ত্রী বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলনের নেতৃত্বে প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহ-সভাপতি মাহবুব আলী ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুককে নিয়ে রাজনৈতিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যুক্তফ্রন্ট সম্প্রসারণের কাজ চূড়ান্ত করবে।
এছাড়া বৈঠকে বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য কার্তিক ঠাকুরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করা হয় বলে জানান মাহী।
বৈঠকে প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরীর নেতৃত্বে বিকল্পধারার দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলামকে ৩০০টি নির্বাচনী আসনের অবস্থা, ৯১, ৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনী ফলাফল বিশ্লেষণসহ একটি প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রেসিডিয়াম সভায় উপস্থাপনের জন্য দায়িত্ব দেয়া হয়।
৩০০ আসনে নির্বাচনী সমন্বয়ের দায়িত্ব পালনের জন্য বিকল্পধারার সহযোগী সংগঠন প্রজন্ম বাংলাদেশকে দায়িত্ব দেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















