অাকাশ জাতীয় ডেস্ক:
দীর্ঘদিন পর আলোচিত এক এগারোর সময় ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত নেতাদের আনুষ্ঠানিকভাবে দলে নিচ্ছে বিএনপি। এমন নেতাদের একাংশ বৃহস্পতিবার বিকালে বিএনপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কর্মকাণ্ড এবং আন্দোলনে গতি আনতে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইচ্ছা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক সিদ্ধান্তের পরই তাদের দলে ফিরিয়ে নেয়া হচ্ছে।
সংস্কারপন্থীদের যারা অতীতের কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করে বিএনপি চেয়ারপারসনের কাছে আবেদন করেছেন, শুধু তাদেরই দলে ফেরানো হচ্ছে। ধাপে ধাপে অন্যদেরও দলের মূল স্রোতে ফিরিয়ে নেয়া হবে।
বিকাল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন একসময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এসব নেতারা।
দুর্নীতি মামলা পাঁচ বছরের সাজা পেয়ে কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবিতে বিএনপি শিগগির চূড়ান্ত আন্দোলনে নামার পরিকল্পনা করছে বলে জানা গেছে। মাঠের আন্দোলনে নামার আগে সবাইকে নিয়ে শক্ত প্লাটফর্ম তৈরি করতে চায় দলটি। যার ইঙ্গিত কারাবন্দি হওয়ার আগে খালেদা জিয়াও দিয়েছিলেন।
জানতে চাইলে সংস্কারপন্থী একজন নেতা ঢাকাটাইমসকে বলেন, ‘গুলশান অফিসে বিকালে যাওয়ার জন্য বলা হয়েছে। দেখা যাক কি হয়। জানতে পারবেন আপনারা।’
বিএনপির কার্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টায় হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান আছে। এরআগেই সংস্কারপন্থীদের দলে ফেরানোর কাজটি শেষ করবে দলটি। ইতিমধ্যে বিএনপিতে ফেরা দুই সংস্কারপন্থী নেতা এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন।
আজ যাদের দলে ফিরিয়ে নেয়া হতে পারে তারা হলেন- চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেডএ খান, সাবেক সচিব এএইচএম মোফাজ্জল করিম, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, রেজাউল বারী ডিনা, সাবেক সংসদ সদস্য এসএ সুলতান টিটু, ইঞ্জি. শহিদুজ্জামান, নূরুল ইসলাম মনি, ডা. জিয়াউল হক মোল্লা, জিএম সিরাজ, ইসরাত সুলতানা ইলেন ভুট্টোসহ বেশ কয়েকজন।
আকাশ নিউজ ডেস্ক 



















