অাকাশ জাতীয় ডেস্ক:
চলমান আন্দোলনের মাধ্যমে দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ জন্য কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের প্রতি তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শফিউল বারী মুক্তি পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
নজরুল বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করছি। তবে এভাবে আন্দোলন করে তাকে মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হলে কঠোর আন্দোলনের বিকল্প নেই। তাই ঐক্যবদ্ধ হয়ে কার্যকর আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।’
এ বিএনপি নেতার মতে, বক্তৃতায় বেশি সাহসী হওয়ার চেয়ে কাজে বেশি সাহসী হতে হবে। জনগণ বর্তমান সরকারের পক্ষে নেই। তারা সুযোগ পেলে বিএনপিকেই ভোট দিতে চায়।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আজকে দেশে অস্বাভাবিক সব ঘটনা ঘটছে। মিথ্যা অভিযোগে সাজা পেয়ে খালেদা জিয়া কারাগারে গেলেন। জামিন নিয়ে টালবাহানা শুরু হলো। জামিন পেলেন। কিন্তু সরকার পক্ষ চেম্বার জজের কাছে চলে গেলেন। সময় নেয়া হলো অনেক। এক শুনানি থেকে আরেক শুনানির দূরত্ব অনেক। অবশেষে জামিন হলো। তবে এর আগেই আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হল তাকে। আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু এভাবে তাকে মুক্ত করা সম্ভব নয়। কঠোর আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে।’
তিনি বলেন, জনতা পারে না এমন কোনও কাজ নেই। আমরা ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা তখন পেরেছি কারণ তখন আমাদের আন্দোলনের বয়স ছিল। তবে এখন যদি করতে বলেন তাহলে পারব না। এখন আন্দোলন করতে হবে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে।
তিনি আরও বলেন, এই দেশ এখন আন্তর্জাতিকভাবে স্বৈরাতান্ত্রিক দেশে পরিণত হয়ে গেছে। ৭৩ বছর বয়সী খালেদা জিয়া আজ কারাগারে যথেষ্ঠ অসুস্থ। ডাক্তাররা বলেছেন- এমন অবস্থায় থাকলে তিনি পঙ্গু হয়ে যেতে পারেন। অন্ধ হয়ে যেতে পারেন। সরকারি চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার সুপারিশ করার পরও সরকার সেটা আমলে নেয়নি। এই স্বৈরাশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
সংগঠনের আহ্বায়ক ফয়েজ উল্লাহ ফয়েজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 


















