নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা চলতি মাস শেষেই বর্ধিত হারে মূল বেতন পেতে শুরু করবেন। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে স্পষ্ট করা হয়েছে যে, পরবর্তী নতুন কোনো আদেশ না দেওয়া পর্যন্ত চাকরিজীবীরা চলতি বছরের ৩০ জুন যে হারে ভাতা পাচ্ছিলেন, সেই হারেই ভাতা গ্রহণ করবেন। এই প্রজ্ঞাপনটি সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর হওয়ার আগ পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারেই ভাতা প্রদানের বিধান রাখা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছিল। নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পুরো বর্ধিত বেতন ও ভাতা একবারে না দিয়ে দুই অর্থবছরে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬–২৭ ও ২০২৭–২৮—এই দুই অর্থবছরে ধাপে ধাপে বেতন–ভাতা দেওয়া হবে।
বেতন কাঠামো বাস্তবায়নের সময়সূচি অনুযায়ী, গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে বর্ধিত মূল বেতন কার্যকর হবে। তবে ভাতা সংক্রান্ত সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এই বর্ধিত বেতন প্রদানের প্রয়োজনীয় বরাদ্দ বাজেটে রাখা হয়েছে বলে জানিয়েছে অর্থ বিভাগ।
বর্তমানে সরকারি কর্মচারীরা অনলাইনে তাদের বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করছেন। গত ৫ অক্টোবর থেকে আইবাস প্লাস প্লাসের ‘পে ফিক্সেশন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র পূরণ করছেন তারা। এই অনলাইন প্রক্রিয়াটি মঙ্গলবার নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই মাসের শেষ নাগাদ নতুন কাঠামোর বর্ধিত মূল বেতন সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























