ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইরান সরকার। তেহরানের অভিযোগ, বিদেশি শত্রুরা সামরিক নির্দেশনা দেওয়া, গোয়েন্দাগিরি চালানো ও সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে এই প্রযুক্তি ব্যবহার করছে। সে কারণে এটিকে স্রেফ একটি যোগাযোগ মাধ্যম না ভেবে সরাসরি ‘যুদ্ধের হাতিয়ার’ হিসেবে দেখছে দেশটি।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সাইবারস্পেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আমিন আগামির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্টারলিংকের স্যাটেলাইট সংকেত বা সংযোগ পুরোপুরি ব্যাহত করার মতো কার্যকর প্রযুক্তিগত কৌশল ও ব্যবস্থা তাদের হাতে রয়েছে। রাষ্ট্রীয় কড়াকড়ি ও সেন্সরশিপ এড়াতে দেশটিতে স্টারলিংকের ব্যবহার বাড়লেও আইন অনুযায়ী তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। ইরানে এই সংযোগ সরঞ্জাম নিজের কাছে রাখা বা ব্যবহার করার প্রমাণ মিললে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। আর এসব যন্ত্রপাতি অবৈধভাবে আমদানি কিংবা বিতরণের সঙ্গে জড়িত থাকলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।
চলতি বছরে ইরানি কর্তৃপক্ষ দুই দফায় দেশজুড়ে দীর্ঘ সময় ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখে। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর টানা ৮৮ দিন চরম ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল। চলমান সামরিক পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠলে ইন্টারনেটের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন দেশটির নীতিনির্ধারকরা।
আকাশ নিউজ ডেস্ক 























